দেশীয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নিজেদের শিল্পকে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। দেশি উদ্যোক্তাদের তৈরি সফটওয়্যার বিশ্বের ৮০টি দেশে রপ্তানিও হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৩০ মে) রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশীয় রাইড শেয়ারিং ‘দ্য বোরাক সার্ভিসেস লিমিটেড’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মোস্তফা জব্বার বলেন, ডিজিটাল যুগে সর্বক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না। প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে আমরা কাজ করছি। ইতোমধ্যেই দুর্গম পাহাড় ও হাওরে ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিং শিল্প গড়ে ওঠার পাশাপাশি ডিজিটাল শিল্প উদ্যোক্তা তৈরি হচ্ছে।
মন্ত্রী বলেন, প্রযুক্তিতে শত বছরের পশ্চাৎপদতা অতিক্রম করে বঙ্গবন্ধুর হাত ধরেই ডিজিটাল প্রযুক্তির বিকাশের অভিযাত্রা শুরু হয়। টিঅ্যান্ডটি বোর্ড গঠন, ইউপিইউ ও আইটিইউয়ের সদস্যপদ অর্জন এবং বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠা ডিজিটাল প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশের অন্তর্ভুক্তি বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন চিন্তার ফসল। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ গত সাড়ে ১৩ বছরে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে।
এসময় ‘দ্য বোরাক সার্ভিসেস লিমিটেড’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব ও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মেজর (অব.) রাকিব হাসান বক্তব্য রাখেন।